অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল নির্ধারিত সময়ের আগে ওয়েব পোর্টালে প্রকাশের দায়ে মো. মেহতাব কায়েস নামে এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই ২০২৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

বরখাস্ত হওয়া মো. মেহতাব কায়েস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ফল আপলোড এবং নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করার মাধ্যমে তিনি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ করেছেন। এই অভিযোগে তাকে ফল ফাঁসের তারিখ অর্থাৎ ৯ জুলাই থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিল। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোছা. রোখসানা হায়দার এবং সদস্য হিসেবে যুক্ত আছেন উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার মো. জিয়াউল কবির সুমন।

উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই ৯টি জেলার ফলাফল ওয়েব পোর্টালে প্রকাশ হয়ে পড়লে সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।