কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুর এবং আসবাবপত্র চুরির অভিযোগে কলাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকারসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৭ জুলাই রাতে বলরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্সি তিতাস থানায় এই অভিযোগ দায়ের করেন।
মামলার এজাহারে বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা এবং তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়কসহ মোট ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৫ জুলাই রাতে উপজেলার দক্ষিণ বলরামপুর নয়াবাজারে অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এসময় কার্যালয়ের ভেতর থেকে বেশ কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সদস্য তোফায়েল আহমেদ তপন ভূঁইয়াকে, যিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বলরামপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। দ্বিতীয় আসামি হিসেবে রয়েছেন কলাকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সমর্থক মো. ইব্রাহিম সরকার। এছাড়া তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক তফাজ্জল হোসেন ভূঁইয়া এবং কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন (বাবুল)-এর নামও আসামির তালিকায় রয়েছে।
এই বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিরুল হক জানান, "এটি একটি রাজনৈতিক মামলা। মামলার তদন্ত চলছে। কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। মামলার তদন্তে কেউ নিরপরাধ প্রমাণিত হলে তাঁকে কোনো রকমের হয়রানি করা হবে না।"






