ফুটবল খেলাকে কেবল আনন্দের উৎস হিসেবে দেখার এবং যেকোনো ধরনের সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে দেশে যে বিশৃঙ্খলা ও প্রাণহানির ঘটনা ঘটেছে, তাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।
আলোচনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "দেশের প্রত্যেক মানুষ, বিশেষ করে যুবসমাজ বর্তমানে বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত। মানুষ ঘরে ঘরে কোথাও বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলকে উপভোগ করছে। কিন্তু বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।"
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশবাসীর কাছে আহ্বান করব, খেলা আনন্দময় একটি বিষয়। এটি নিছক আনন্দ ছাড়া তেমন কিছু না। সেটাকে নিয়ে আমাদের উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে।”
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও উৎসবমুখর পরিবেশের কথা উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে উত্তেজনা, যে উৎসবমুখর একটি পরিবেশ, এটি যাতে আনন্দের ভেতরেই থাকে। এটিকে কেন্দ্র করে কেউ ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো সহিংসতা তৈরি করে কোনো প্রাণনাশের ঘটনা যাতে না ঘটে।”






