সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগে নতুন পরিবর্তন এনেছে সরকার। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে ২১ জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। পরবর্তীতে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপন জারির পর মু. রেজা হাসান কুমিল্লার ডিসির দায়িত্ব ছেড়ে দিলেও সিলেটে আর যোগ দেননি। বর্তমানে কুমিল্লায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সিলেটের স্থানীয় একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে মু. রেজা হাসানের নিয়োগের বিষয়টি স্থানীয় একজন মন্ত্রীর মনঃপূত হয়নি। বিষয়টি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের অবহিত করেছেন। তখন থেকেই আলোচনা চলছিল যে সিলেটে পুনরায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।






