দেশীয় টেক্সটাইল ও স্পিনিং শিল্পের সংকট নিরসনে নগদ সহায়তা বৃদ্ধি, আয়কর হার পুনর্নির্ধারণ এবং কাঁচামালের শুল্ক প্রত্যাহারসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি উত্থাপন করেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে বিটিএমএ ব্যবসায়ী নেতাদের সঙ্গে এই বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বস্ত্র খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিটিএমএ-র সাবেক সভাপতি মতিন চৌধুরী এবং সংসদ সদস্য ও সহসভাপতি আবুল কালামও বৈঠকে অংশ নেন। অর্থমন্ত্রীর কাছে বিটিএমএ-র পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে তাদের দাবিগুলো আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দেশের স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও ফিনিশিংসহ বস্ত্র খাতের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে। এই খাত সরাসরি ও পরোক্ষভাবে কোটি কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং দেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ এখান থেকেই আসে। তবে আমদানি করা সুতা ও কাঁচামালের ওপর নির্ভরশীলতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার কারণে বর্তমানে এই শিল্প সংকটের মুখে পড়েছে।
স্থানীয় মূল্য সংযোজন ও রপ্তানি সক্ষমতা বজায় রাখতে ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের দাবি জানিয়েছে বিটিএমএ। একই সঙ্গে দেশীয় সুতার ব্যবহার উৎসাহিত করতে তৈরি পোশাক রপ্তানিকারকদের জন্য নগদ সহায়তা ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া প্রাথমিক টেক্সটাইল খাতের জন্য ১২ শতাংশ আয়কর হার ২০৩০ সাল পর্যন্ত বহাল রাখা, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ), পিভিসি রেজিন ও পিইটি রেজিনের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার এবং নগদ সহায়তার ওপর উৎসে করকে চূড়ান্ত কর হিসেবে গণ্য করার দাবি জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, উৎপাদন ও ব্যবসার ধারাবাহিকতা রক্ষায় আন্তপ্রতিষ্ঠান ঋণ বা ইন্টার-কোম্পানি লোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আয়কর আইনের সংশ্লিষ্ট ধারা থেকে রপ্তানিমুখী শিল্পকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিটিএমএর পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি ও সমস্যা তুলে ধরা হয়েছে। এর মধ্যে কিছু বিষয় বৈঠকেই সমাধান হয়েছে; আর বাকি বিষয়গুলো সরকার বিবেচনা করবে।”






