গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা কার্যক্রমকে আরও বেগবান করতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার (৭ জুলাই) ইউএপির উপাচার্যের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচিতে ইউএপিতে একটি টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই কেন্দ্রটি গবেষকদের উদ্ভাবনী কাজে সহায়তা, বৈশ্বিক পেটেন্ট তথ্যভান্ডারে প্রবেশাধিকার এবং কারিগরি সহায়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গবেষক ও উদ্ভাবকদের পেটেন্ট, শিল্প-নকশা এবং ট্রেডমার্ক নিবন্ধনে সহযোগিতা দিতে ইউএপিতে ডিপিডিটির একটি সহায়তা কার্যালয় প্রতিষ্ঠায় অধিদপ্তর আগ্রহী।’ তিনি আরও উল্লেখ করেন যে, টিআইএসসি প্রতিষ্ঠিত হলে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ আরও শক্তিশালী হবে এবং গবেষকেরা আন্তর্জাতিক পেটেন্ট তথ্য ও প্রযুক্তিগত সম্পদ ব্যবহারের সুযোগ পাবেন।

ইউএপির স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট সুরক্ষা সহজতর হবে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক মো. সেলিম রেজা ইউএপিকে নিজস্ব মেধাস্বত্ব নীতিমালা (আইপি পলিসি) প্রণয়নের পরামর্শ দেন। অন্যদিকে, ইউএপির স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাইনের ডিন অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতা চুক্তির (এমওএ) মাধ্যমে গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং ল্যাবরেটরি ব্যবহারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ইউএপির স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক এম এ বাকী খলিলী বলেন, ‘এ অংশীদারত্বের মাধ্যমে গবেষকেরা পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক সম্পর্কে আরও ভালো ধারণা অর্জন করবেন এবং তাঁদের উদ্ভাবন কার্যকরভাবে সুরক্ষিত করতে পারবেন।’

সমাপনী বক্তব্যে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ইউএপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তির (এমওএ) প্রস্তাবকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে তিনি করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় গবেষণাগার ও গবেষণা–সুবিধা বিনিময় কর্মসূচি চালুর প্রস্তাব দেন।

ইউএপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এ কে এম নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআরআইডির পরিচালক অধ্যাপক তানভীর ফেরদৌস সাঈদ, ফার্মেসি বিভাগের প্রধান জেবুন নাহার, ডিপিডিটির উপপরিচালক (পেটেন্ট) মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা। এর আগে ডিপিডিটির প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পেটেন্ট ও মেধাস্বত্ববিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।