স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ৩১ আগস্ট হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই লক্ষ্যে দেশের সকল উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ইসি-র সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, "২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যাঁরা ৩১ জুলাই পর্যন্ত ডেটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চূড়ান্ত করা হবে।"
চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং তা নিষ্পত্তির একটি বিস্তারিত সময়সূচি অনুমোদন করেছে কমিশন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে লিংক পাঠানোর শেষ তারিখ ৪ আগস্ট। এরপর ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে।
কমিশনের নির্দেশনা অনুযায়ী, দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ আগস্ট এবং এসব আবেদনের নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট। নিষ্পত্তি হওয়া আবেদনের সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার শেষ তারিখ ২৮ আগস্ট। সব প্রক্রিয়া সম্পন্ন করে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, এই কার্যক্রম চলাকালীন মুদ্রিত খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শনের সুযোগ করে দিতে হবে এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাতে হবে। এজন্য মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে-পরে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা দেওয়া এবং স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।






