বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হয়ে কারাগারে গেছেন কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহরিয়ার করিম। গতকাল বুধবার দুপুরে তাঁকে আটক করে প্রথমে বেনাপোল পোর্ট থানা এবং পরবর্তীতে ঝিনাইদহ সদর থানায় পাঠানো হয়। এরপর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ পৌরসভার আরাপপুর উকিলপাড়ার বাসিন্দা এবং তাঁর পৈতৃক নিবাস হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামে। তাঁর পরিবারের দাবি, তিনি চিকিৎসার উদ্দেশ্যে বৈধ প্রক্রিয়ায় ভারতীয় ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন। ২০২৪ সালের একটি মামলায় আসামি হলেও তিনি আদালতের জামিনে ছিলেন বলে উল্লেখ করেছে তাঁর পরিবার।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, গতকাল বুধবার রাতে শাহরিয়ারকে বেনাপোল থেকে নিয়ে আসা হয়। ঝিনাইদহ শহরে ছাত্রলীগের মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাহরিয়ার করিমের ফুফাতো ভাই খালিদ বিন শিশির বলেন, "২০২৪ সালে তাঁর নামে একটি মামলা হয়েছিল। সেই মামলায় জামিন পেয়ে তিনি নিজ বাসাতেই অবস্থান করছিলেন। বুধবার চিকিৎসার জন্য বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।"