সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে সাতজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে বলে দাবি করেছে বিজিবি।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকায় নারী ও পুরুষসহ মোট সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক সদস্যদের তৎপরতায় এই চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবির ভাষ্যমতে, অবৈধভাবে লোকজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর এই প্রচেষ্টা রুখতে সীমান্তে কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল, যার ফলে পুশ-ইন প্রচেষ্টাটি সফল হয়নি।

এই বিষয়ে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হক মুক্তকণ্ঠকে বলেন, "কালাইরাগ সীমান্তের শূন্যরেখা থেকে ২০–২৫ গজ ভেতরে বাংলাদেশের দিকে সাতজনকে এনে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির সদস্যরা তা প্রতিহত করেছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।"