আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন প্রক্রিয়া সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’–এ তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচনের জন্য চলতি বছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। এ বছর সরকারের সামনে দুটি প্রধান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, একটি হচ্ছে বাজেট বাস্তবায়ন এবং অন্যটি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা। বিশেষ করে এই নির্বাচনকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বলে তিনি মনে করেন।
নিজের কাজের কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, তিনি উন্নয়নপাগল মানুষ। সে জন্য তিনি এলাকার জন্য কাজ করছেন। হেলিপ্যাড হয়েছে। উপজেলা হয়েছে। রাস্তাঘাট হচ্ছে। মসজিদ ও মন্দিরের উন্নয়ন হচ্ছে। সামনে আরও কাজ হবে।
সংলাপের এক পর্যায়ে তারেক রহমানের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী।’
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, তারেক রহমান ঢাকায় বড় হয়েছেন এবং পড়াশোনা করেছেন। অন্যদিকে তাঁর জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা বগুড়া ও শিবগঞ্জে। ১৯৯৩-৯৪ সালে তারেক রহমান ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার পর যখন বগুড়ায় আসা-যাওয়া শুরু করেন, তখন তাঁদের রাজনৈতিকভাবে সাক্ষাৎ হয়। পরবর্তীতে বিএনপির কর্মী হিসেবে তিনি বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং বগুড়া জেলায় দায়িত্ব পালন করেছেন। তারেক রহমানের বাড়ি বগুড়ায় হওয়ায় স্বাভাবিকভাবেই তাঁদের বহুবার সাক্ষাৎ হয়েছে এবং তারেক রহমান তাঁকে স্নেহ করেন ও বিভিন্ন সময়ে পরামর্শ দেন। বগুড়ার মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই যোগাযোগ এবং ব্যক্তিগত জানাশোনা রয়েছে। এছাড়া তারেক রহমানের সঙ্গে তাঁর বয়সেরও অনেক তারতম্য রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।






