সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এই তথ্য নিশ্চিত করে মুক্তকণ্ঠকে বলেছেন, "ফলাফল দ্রুতই প্রকাশ করা হবে।"
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) ফলাফল প্রকাশের কথা থাকলেও তা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজ পুরোপুরি সম্পন্ন না হওয়ার কারণেই আজ ফলাফল প্রকাশ করা যাচ্ছে না।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে ৮০ শতাংশ এবং বাকি ২০ শতাংশ বৃত্তি পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্তদের আর্থিক সুবিধা প্রদান করা হয় ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই শ্রেণিতে।
পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের অন্যান্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। এর মধ্যে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার শিক্ষার্থী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন)।






