২০২৫ সালে ওয়ানডেতে খুব খারাপ সময় কাটাচ্ছিল বাংলাদেশ। টানা চারটি সিরিজে পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর শুরু হয় গত বছরের অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মধ্য দিয়ে।
এরপর পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশ তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে। এর ধারায় সরাসরি বিশ্বকাপ খেলার সংশয়ও অনেকটা কেটে গিয়েছিল। তবে টানা চার সিরিজ জয়ের ধারা ‘পাঁচে’ টেনে নেওয়ার সম্ভাবনা আজই থমকে যেতে পারে।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে প্রথম ওয়ানডেতে হারের পর আজ দ্বিতীয় ওয়ানডেতে হারলে সিরিজটিও হারতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসের সেরা ওয়ানডে বোলিংয়ের রেকর্ড গড়েন নাহিদ রানা। ২১ রানে ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বাংলাদেশ।
তবে ওই রান তাড়া করতে নেমে বাংলাদেশও ১১৬ রানে অলআউট হয়ে যায়। এর আগে সিরিজের একমাত্র টেস্টেও ব্যাটিং–ব্যর্থতায় হেরেছিল নাজমুল হোসেনের দল। এমন ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ—এমন বিশ্বাসের কথা জানিয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
গতকাল মোহাম্মদ আশরাফুল বলেছেন, ‘আমি নিশ্চিত পরের দুই ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা ছন্দে ফিরবে। আমরা যেমন পারফরম্যান্স করছি, তা আমাদের প্রত্যাশার বাইরে। আমি নিশ্চিত যে পরবর্তী দুই ওয়ানডে ও তিন টি-টুয়েন্টিতে আমাদের ব্যাটসম্যানরা গত ৬ মাসের মতো ভালো পারফরম্যান্স করবে।’
ব্যাটিং–ব্যর্থতার কারণও ব্যাখ্যা করেন আশরাফুল। তিনি বলেন, ‘ওয়ানডে ম্যাচে যারা দ্রুত আউট হয়েছে, তারা কিছুটা দুর্ভাগা ছিল। কারণ তাদের শটগুলো সরাসরি ফিল্ডারের হাতে চলে গিয়েছিল। বাংলাদেশে বাউন্ডারির আকার সাধারণত ৬০-৬৫ মিটার হয়, কিন্তু এখানে বাউন্ডারি প্রায় ৭৩-৭৫ মিটার। এই জায়গাতেই আমাদের মানিয়ে নিতে সমস্যা হয়েছে আর এখানে বাউন্সও কিছুটা বেশি। গত ৭ মাস বাংলাদেশে ভালো উইকেটে খেলার চেষ্টা করেছি এবং ভালো খেলেছি। কিন্তু এখানকার কন্ডিশনে বাউন্স একটু বেশি।’
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ হারের স্মৃতি অবশ্য খুব একটা পুরোনো নয়। ২০২২ সালেও তাদের সঙ্গে সর্বশেষ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবারও প্রথম ম্যাচ হারের পর সেই শঙ্কাই নতুন করে দেখা দিচ্ছে। সিরিজ বাঁচাতে ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়ানোর দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।
এরই মধ্যে একটি ধাক্কাও খেয়েছে বাংলাদেশ। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে চোট পাওয়ায় তারা এই খেলোয়াড়কে বিপক্ষে টি–টুয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলাতে পারেনি। ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেলেও প্রথম ওয়ানডের একাদশে ছিলেন না। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, চোট সেরে না ওঠায় পুরো সিরিজেই তিনি নেই।
নাহিদ রানার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হারল বাংলাদেশ।






