পেশাদার ফুটবল ক্যারিয়ারে ১০০০টি ম্যাচ খেলার বিরল মাইলফলক স্পর্শ করেছেন আনহেল দি মারিয়া। ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া ৩৮ বছর বয়সী এই উইঙ্গার বর্তমানে তাঁর শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলছেন। গত ১৩ আগস্ট কোপা লিবার্তোদোরেসের শেষ ষোলোর প্রথম লেগে এই অনন্য রেকর্ডটি গড়েন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি।

ফুটবলের তথ্য সংরক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আরএসএসএসএফ-এর ওয়েবসাইট অনুযায়ী, আঞ্চলিক লিগ, অপেশাদার লিগ, বয়সভিত্তিক দল ও বাতিল হওয়া ম্যাচসহ ন্যূনতম ১০০০ ম্যাচ খেলেছেন ৮২ জন ফুটবলার। তবে শুধুমাত্র শীর্ষ পর্যায়ের লিগ, জাতীয় ও আন্তর্জাতিক কাপ প্রতিযোগিতা, আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ বিবেচনা করলে এই সংখ্যা কমে দাঁড়ায় ৩২ জনে। এই অভিজাত তালিকায় সর্বশেষ নাম যুক্ত করলেন দি মারিয়া। এছাড়া উইকিপিডিয়ার তালিকায় এই মাইলফলক স্পর্শ করা ৬৩ জন ফুটবলারের মধ্যেও তাঁর নাম রয়েছে।

বর্তমানে দি মারিয়ার মোট ম্যাচসংখ্যা ১০০২টি। তবে আরএসএসএসএফ-এর ওয়েবসাইটে তাঁর নামের পাশে ম্যাচসংখ্যা একটি কম দেখাচ্ছে, কারণ তাল্লেরাসের বিপক্ষে রোজারিওর হয়ে তাঁর সর্বশেষ ম্যাচটি সেখানে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। ওই ওয়েবসাইটে কেবল কোপা লিবার্তোদোরেসের শেষ ষোলোর ফিরতি লেগ পর্যন্ত তথ্য হালনাগাদ করা হয়েছে।

আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে এই মাইলফলক স্পর্শ করা প্রথম ফুটবলার নন দি মারিয়া। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন আরও দুজন। একজন তাঁর সতীর্থ লিওনেল মেসি এবং অন্যজন সাবেক ফুলব্যাক হাভিয়ের জানেত্তি। আরএসএসএসএফ-এর হিসাব অনুযায়ী, মেসি শীর্ষ পর্যায়ে খেলেছেন ১১৬৮ ম্যাচ, যদিও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’র হিসাবে তা ১১৭০ ম্যাচ। অন্যদিকে, ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী জানেত্তি আরএসএসএসএফ-এর হিসাবে ১০৮১ ম্যাচ এবং এল গ্রাফিকোর হিসাবে ১০৯৯ ম্যাচ খেলেছেন।

২০০৫ সালের ১৪ ডিসেম্বর রোজারিওর হয়ে আর্জেন্টিনার শীর্ষ লিগে অভিষেক হয় দি মারিয়ার। এরপর ইউরোপের বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসের হয়ে তিনি মাঠ মাতিয়েছেন। পর্তুগাল, স্পেন ও ফ্রান্সে লিগ জয়ের পাশাপাশি রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৫টি ম্যাচ।

কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা জাতীয় দলের সোনালী সময়ের অন্যতম কারিগর দি মারিয়া। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে দুবার কোপা আমেরিকা জয়ের পাশাপাশি বিশ্বকাপ ও ফিনালিসিমা জয় করেছেন তিনি। ক্যারিয়ারে সব মিলিয়ে ২৪৩টি গোল করার পাশাপাশি ২৮৪টি গোল করিয়েছেন এই তারকা। ফুটবল ক্যারিয়ারে ১০ বার লাল কার্ড দেখেছেন তিনি।