বিশ্বকাপ চলাকালীন এক বড় ধরনের সংকটের মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রের মাটিতে সংস্থাটির আর্থিক লেনদেন ও সামগ্রিক কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। এই প্রক্রিয়ায় ইতিমধ্যে বেশ কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ এই তথ্য প্রকাশ করেছে।
তদন্তকারীদের মূল লক্ষ্য হলো, ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল সংস্থাটি যুক্তরাষ্ট্রের মাটিতে কীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছে তা খতিয়ে দেখা। বিশেষ করে মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে কোটি কোটি ডলার লেনদেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো আইন লঙ্ঘন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
তদন্তের অংশ হিসেবে ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই প্রক্রিয়ায় ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআই এজেন্টরা যুক্ত ছিলেন। তবে তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন এএফএ প্রধান ক্লদিও তাপিয়া।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তদন্তের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে। এর আওতায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের সাবেক কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের তালিকায় রাখা হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে যারা এএফএ-র কার্যক্রম তদারকি করেছেন কিংবা যাদের কাছে সংবেদনশীল তথ্য রয়েছে, তাদের জবানবন্দি নেওয়া হতে পারে বলে জানা গেছে। সূত্রমতে, ২০২৫ সাল থেকেই যুক্তরাষ্ট্রের এই প্রাথমিক তদন্তের রূপরেখা তৈরি করা হচ্ছিল।






