ঢাকার ফুটবল আকাশে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফিফা আসিয়ান কাপ শেষ করে ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল ফুটবল দল।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আগামী ৫ অথবা ৬ অক্টোবরের মধ্যে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের একটি বহর নিয়ে ঢাকায় আসতে চায় ব্রাজিল।
এদিকে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আসিয়ান কাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ অক্টোবর ইন্দোনেশিয়ায় এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। জাতীয় দলের এই ব্যস্ততার কারণে বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি পাঁচ সদস্যের একটি ব্রাজিলীয় প্রতিনিধিদল ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেন তারা। এরপর রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা।
উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচের কারণে ভারত ফিফা আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নিলে তাদের পরিবর্তে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা। এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছিল আর্জেন্টিনা দল, তবে ব্রাজিল ফুটবল দল এর আগে কখনো বাংলাদেশে আসেনি।