দেশের আটটি বিভাগীয় শহরে ‘মহাশ্মশান যাত্রা’ শীর্ষক একক কনসার্ট করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’। ব্যান্ডের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন মুক্তকণ্ঠকে জানান, আগস্টে ঢাকায় হবে সিরিজ কনসার্টের প্রথম শো। আট বিভাগীয় শহরের বাইরে কক্সবাজারেও শো রয়েছে।

চলতি বছরের ৮ জানুয়ারি ‘মহাশ্মশান’ শিরোনামে একটি কনসেপচুয়াল অ্যালবাম প্রকাশ করে সোনার বাংলা সার্কাস। এই অ্যালবামে ‘ব্যর্থ মানুষ’, ‘আগুনের পঙ্খিরাজ’, ‘ডুবুরি’, ‘নরকে বৃষ্টি’, ‘মহাশ্মশান’সহ মোট ১৭টি গান স্থান পেয়েছে। মূলত অ্যালবামের নামানুসারেই এই কনসার্ট ট্যুরের নাম রাখা হয়েছে ‘মহাশ্মশান যাত্রা’।

অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘মহাশ্মশান’ গানটি এরই মধ্যে ইউটিউবে প্রায় আড়াই লাখবার শুনেছেন শ্রোতারা। গানটি শুনে আবেগাপ্লুত হয়ে অনেকে নিজের মায়ের স্মৃতিচারণ করছেন। ভিডিওর নিচে জমা পড়েছে ১ হাজার ২০০–এর বেশি মন্তব্য। সজীব কুমার নামের এক শ্রোতা লিখেছেন, ‘এই গানটার প্রতিটা লাইন হৃদয় স্পর্শ করে গেল। আজ থেকে ১০০ বছর পরও এই গানটা অমর হয়ে থাকবে।’ তৌফিক মাহি নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘পৃথিবীতে মা নিয়ে যত গান শুনেছি, এটা তার মধ্যে সেরা।’

এর আগে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ শীর্ষক একক কনসার্ট ট্যুর সফলভাবে সম্পন্ন করেছে ব্যান্ডটি। ২০২১ সালের ২৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সেই কনসার্ট শুরু হয়েছিল। দীর্ঘ সফর শেষে ২০২৫ সালের ১৭ অক্টোবর ঢাকার দ্য রাশিয়ান হাউসে সমাপনী শো অনুষ্ঠিত হয়।

বর্তমানে সোনার বাংলা সার্কাস ব্যান্ডের লাইনআপে রয়েছেন প্রবর রিপন, শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ, শাকিল হক, সাদ চৌধুরী ও সামিউল মমিত।