তামিল তারকা থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়াগান’ মুক্তিকে ঘিরে সতর্ক প্রস্তুতি চলছে। টিকিটের কালোবাজারি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা ‘বেনিফিট শো’র নামে বাড়তি অর্থ নেওয়ার মতো অভিযোগ এড়াতে নিজের টিমকে কড়া নির্দেশ দিয়েছেন বিজয়। ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

.

প্রতিবেদন অনুযায়ী, টিকিটের দাম নিয়ে সামান্য বিতর্কও সিনেমার বদলে অন্য প্রসঙ্গকে আলোচনায় নিয়ে আসুক, তা চান না বিজয়। তাই টিকিট বিক্রির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি।

খবরে আরও বলা হয়েছে, সিনেমাটি মুক্তির সময় বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রশাসনের নজরদারি থাকতে পারে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এমনকি লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।

.

বিজয়ের বিপুল জনপ্রিয়তার কারণে তাঁর সিনেমা মুক্তির সময় প্রায়ই টিকিটের চাহিদা বেড়ে যায়। অতীতে বিভিন্ন স্থানে কালোবাজারি ও অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগও উঠেছিল। এবার সেই ধরনের পরিস্থিতি এড়াতেই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

.ভাইরাল সার্টিফিকেটটি ভুয়া! ‘জন নায়াগন’ নিয়ে আবারও অনিশ্চয়তা.

তবে শুধু টিকিট বিক্রিই নয়, ছবিটির মুক্তি ঘিরেও অনিশ্চয়তা কাটছে না। গত সপ্তাহে শোনা গিয়েছিল, চলতি মাসের শেষ দিকে মুক্তি পেতে পারে ‘জন নায়াগান’। এর মধ্যেই শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত সেন্সর বোর্ডের সার্টিফিকেট ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ছবিটি ছাড়পত্র পেয়ে গেছে। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশন জানায়, ভাইরাল হওয়া সার্টিফিকেটটি সম্পূর্ণ ভুয়া। তাদের ভাষ্য, সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা শেষ করলেও এখনো চূড়ান্ত ছাড়পত্র দেয়নি।

.

পরিচালক এইচ বিনোথের রাজনৈতিক ড্রামা ‘জন নায়াগান’ প্রথমে ২০২৬ সালের ৯ জানুয়ারি, পোঙ্গল উৎসব উপলক্ষে মুক্তির কথা ছিল। তামিল সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে এটি। কারণ, এতে অভিনয় করেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়। পাশাপাশি ছবিটির রাজনৈতিক প্রেক্ষাপটও দর্শকের আগ্রহ বাড়িয়েছে।

২০২৪ সালে নিজের রাজনৈতিক দল গঠনের পর বিজয় রাজনীতিতে সক্রিয় হন। পরে নির্বাচনে জয়ী হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। ফলে তাঁর রাজনৈতিক জীবন শুরুর পর এটিই হতে যাচ্ছে অভিনেতা হিসেবে শেষ চলচ্চিত্র।


পিঙ্কভিলা অবলম্বনে