দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে দুর্বৃত্তদের গুলিতে মো. ইয়াছিন নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এই হামলায় তাঁর পাঁচ বছর বয়সী কন্যা ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াছিন (৪০) নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. সুজায়েত উল্যার ছেলে। আজ বুধবার ভোরে তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।

নিহতের ভাই মো. নাসির উদ্দিন জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তাঁর নিজস্ব বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। এক বছর আগে তিনি স্ত্রী ও সন্তানদের সেখানে নিয়ে যান। মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাসার গেটের সামনে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই সময় তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

ঘটনা প্রসঙ্গে নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, "দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ইয়াছিন নামের নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন।"

অন্যদিকে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম জানিয়েছেন, তিনি এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।