রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছিলেন সাধারণ সিকিউরিটি গার্ড আবদুস সালাম। তবে তাঁর প্রাত্যহিক রুটিনে একটি বিশেষ দিক ছিল—প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় তিনি হাতে ধানের শীষ নিয়ে পরম শ্রদ্ধায় দাঁড়িয়ে থাকতেন। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি ওই নিরাপত্তারক্ষীর প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেন।
আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আবদুস সালামের কাছে বিশেষ উপহার পাঠানো হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আবদুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি আবদুস সালামের শারীরিক অবস্থা ও তাঁর পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ী ঘাট এলাকায়। গত আট মাস ধরে তিনি রাজধানীর সাবেক রমনা থানার সামনের একটি বেসরকারি ব্যাংকের বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছেন। পেশায় আগে তিনি চালক ছিলেন, কিন্তু স্ট্রোক করার পর শারীরিক অসুস্থতার কারণে গাড়ি চালানো ছেড়ে দিয়ে এই কাজ বেছে নেন। অসুস্থ শরীর নিয়েই প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন তিনি।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আবদুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “কখনো কল্পনাও করিনি এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে। আর প্রধানমন্ত্রী তাঁর জন্য উপহার পাঠাবেন।”
নিজের ভালোলাগার কথা জানিয়ে আবদুস সালাম আরও বলেন, “আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি। প্রধানমন্ত্রী আমার জানের টুকরা। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি প্রতিদিনই প্রধানমন্ত্রীকে সালাম দিই। তিনিও আমাকে গাড়ির ভেতর থেকে সব দিনই হেসে সালাম দেন। হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর হাসি দেখলে আমার মন জুড়িয়ে যায়। আজ আমার জীবনের সেরা দিন। সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মতো ক্ষুদ্র মানুষকে উপহার পাঠিয়েছেন। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।”






