মিশরের বিপক্ষে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ আটের লড়াইয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ এবার সুইজারল্যান্ড। আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

গত রাতে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট কাটে সুইসরা। জয় পরবর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ আর্জেন্টিনা প্রসঙ্গে কথা বলেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতি সম্মান জানালেও তাদের হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এই কোচ।

মুরাত ইয়াকিন বলেন, ‘বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা দারুণ ব্যাপার। আমাদের জন্য এক অনন্য সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমরা লাতিন আমেরিকার দলগুলোর মানসিকতা ভালো করেই জানি।’

সুইজারল্যান্ডের ফুটবলে এটি এক ঐতিহাসিক মুহূর্ত। ১৯৫৪ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপের পর এই প্রথম, অর্থাৎ দীর্ঘ ৭২ বছর পর তারা শেষ আটে জায়গা করে নিল। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠেছিল। এরপর নকআউটে আলজেরিয়া ও কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে পা রাখে তারা।

সুইসদের এই সাফল্যের অন্যতম কারিগর অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেজ। নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা এই ফুটবলার আর্জেন্টিনাকে সমীহ করে বলেন, ‘কোয়ার্টার ফাইনালে খেলতে আসা আর্জেন্টিনা অসাধারণ একটা দল। ওদের দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে, একজন ভালো কোচও আছে। ওরা কীভাবে খেলে, তা আমাদের জানা। ওদের দলে আছে বিশ্বের সেরা লিওনেল মেসি।’