দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে রামোজি ফিল্ম সিটিতে একটি সিনেমার শুটিং চলাকালীন বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা রাজেশ শর্মা। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন আসেনি।

অভিনেতার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সঞ্চালক-অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, শুটিং শেষ করে স্থানীয় কয়েকজন টেকনিশিয়ানের সঙ্গে আড্ডা দেওয়ার সময় রাজেশকে একটি পোকা কামড়ায়। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি শুটিং চালিয়ে যান। তবে প্রায় ছয় ঘণ্টা পর তাঁর ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয়। পরবর্তীতে জ্বর এবং শারীরিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় তিনি বিমানে করে কলকাতার উদ্দেশে রওনা হন এবং পরদিন হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, রাজেশের জ্বর এখনো পুরোপুরি কমেনি। তিনি বর্তমানে শ্বাসকষ্ট এবং ডান পায়ের সংক্রমণের চিকিৎসায় রয়েছেন। এই সংক্রমণ পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং আক্রান্ত স্থানে ফোসকা দেখা দিয়েছে। এছাড়া তাঁর ডায়াবেটিসও রয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, জটিলতা বাড়লে রক্ত জমাট বেঁধে তা ফুসফুসে পৌঁছাতে পারে। এই ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চালানো হচ্ছে।

চিকিৎসক অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, "রাজেশকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনই তাঁর অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তিনি এখনো বিপদমুক্ত নন।"

রাজেশের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুদীপা ও অগ্নিদেব। একই সঙ্গে সবার প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। এক বিবৃতিতে সংবাদমাধ্যম, বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম, রাজেশের বন্ধু-শুভানুধ্যায়ী এবং বিশেষ করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা জানান, এই কঠিন সময়ে প্রসেনজিৎ সব সময় পাশে থেকে সাহস ও সহযোগিতা করে যাচ্ছেন।