ভুয়া বিল তৈরির মাধ্যমে সরকারের ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হিসাব শাখায় কর্মরত থাকাকালে অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে তারা এই অর্থ হাতিয়ে নেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল মারুফ হাসান, জয়দেব কুমার মজুমদার ও সজীব মিয়া। গত সোমবার বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবদুল হান্নান এ সংক্রান্ত এক আদেশ জারি করেন। আজ বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিএমপি সদর দপ্তর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএমপির হিসাব শাখায় দায়িত্ব পালনকালে অভিযুক্ত তিন কনস্টেবল কৌশলে অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে বিভিন্ন ভুয়া বিল প্রস্তুত করেন। পরবর্তীতে সেই বিলের মাধ্যমে সরকারি তহবিল থেকে মোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর বিভাগীয়ভাবে প্রাথমিক তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা এবং বিভাগীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অফিস আদেশের মাধ্যমে তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে বরিশাল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) আবদুল হান্নান বলেন, "ওই তিন পুলিশ কনস্টেবলকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পুলিশের একটি সূত্র জানিয়েছে, তদন্তে আত্মসাতের পুরো প্রক্রিয়া, অর্থ উত্তোলনের ধরন এবং এই জালিয়াতির সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।