ময়মনসিংহ নগরীতে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ঘরের ভেতর খাট থেকে পড়ে ৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের ব্রহ্মপল্লী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর নাম আজলান আমিন তালুকদার ওরফে আয়াশ। সে নগরের সেহরা ডিবি রোড এলাকার বাসিন্দা রেজুয়ানুল আমিন তালুকদার ও বন্যা আক্তার দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু আয়াশকে নিয়ে কয়েক দিন ধরে ব্রহ্মপল্লী এলাকায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন মা বন্যা আক্তার। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বন্যা আক্তারের বাবার ঘরের ভেতরেও পানি ঢুকে পড়ে। আজ সকালে মায়ের সঙ্গে বিছানায় ঘুমাচ্ছিল আয়াশ। ঘুমের মধ্যে সে খাট থেকে নিচে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সন্তান হারিয়ে শোকাতুর বাবা রেজুয়ানুল আমিন তালুকদার বলেন, ‘ঘরের ভেতর জমে থাকা পানিতে পড়ে আমার ৯ মাসের সন্তান মারা গেছে।’ নগরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘যদি ড্রেনেজ–ব্যবস্থা ভালো থাকত, তাহলে তো বাসার ভেতরে পানি যেত না। আমার সন্তানকেও মরতে হতো না। এই সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার।’

এদিকে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সিটি প্রশাসক বলেন, ‘বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় এমন জলজট তৈরি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা কাজ করছি। আগামী বর্ষার আগেই ড্রেনেজ ব্যবস্থা ঠিক করব। আমরা চাই, এ ধরনের মৃত্যু আর না ঘটুক।’