আবাসন খাতের গ্রাহকদের গৃহঋণ প্রাপ্তি আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) ও ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসইএলের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল আউয়াল, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সাইমুম ইসলাম, বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ ও বিপণন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশরাফুল ইনসান ইভান।

অন্যদিকে ডিবিএইচ ফাইন্যান্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এ কে এম তানভীর কামাল, ঋণ বিক্রয় বিভাগের প্রধান মো. ফেরদৌস হোসেন পলাশ, বিক্রয় বিভাগের প্রধান মো. গোলাম রসুল ইসলাম, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল্লাহ আল মামুন ও সিনিয়র সেলস টিম ম্যানেজার মো. মাকসুদুল হাসান প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহঋণ সহায়তা জোরদার এবং এসইএলের গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিতে এই চুক্তি করা হয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে এসইএল ও ডিবিএইচ ফাইন্যান্স নির্ভরযোগ্য ঋণ সহায়তার মাধ্যমে গ্রাহকদের জন্য গৃহমালিকানার প্রক্রিয়া আরও সহজ করে তুলবে।