ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশায় স্থবির হয়ে পড়েছে যান চলাচল। সড়কের বড় বড় গর্তে বারবার পণ্যবাহী যানবাহন আটকে পড়া, দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার ঘটনায় প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অচলাবস্থা আজ বুধবার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় হাজারো যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ভারী বৃষ্টির সময় সরাইলের বৈশামুড়া এলাকায় একটি পণ্যবাহী লরি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যানবাহন দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আহত চালককে উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেন। তবে এই সময়ের মধ্যেই মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। রাতভর বৃষ্টিতে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে।
আজ বুধবার সকাল ৬টার দিকে শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় দুটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়লে যানজটের ব্যাপ্তি আরও বাড়ে। সকাল সাড়ে ৮টার মধ্যে সরাইল উপজেলার শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া, শাহবাজপুর হয়ে বিজয়নগরের বুধন্তী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
সিলেট থেকে নেত্রকোনাগামী ট্রাকচালক নয়ন খান নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, "বুধন্তী থেকে সরাইলের কুট্টাপাড়া পর্যন্ত আসতে তাঁর আড়াই ঘণ্টা লেগেছে। অথচ স্বাভাবিক সময়ে এ পথ পাড়ি দিতে ১৫ থেকে ২০ মিনিট লাগে।"
সরেজমিনে দেখা গেছে, সরাইল বিশ্বরোড গোলচত্বরের চারটি দিকের মধ্যে ঢাকা থেকে সিলেটমুখী মাত্র একটি লেন সচল রয়েছে। সিলেট থেকে কুমিল্লা ও ঢাকামুখী দুটি লেন পুরোপুরি বন্ধ। কুমিল্লা থেকে ঢাকামুখী লেনে সংস্কার কাজ চললেও বৃষ্টির পানিতে গর্ত ডুবে থাকায় কিছুক্ষণ পরপর যানবাহন আটকে যাচ্ছে। এতে দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। যানজটের প্রভাব ব্রাহ্মণবাড়িয়া সদরগামী সুহিলপুর এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে।
সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান মুক্তকণ্ঠকে বলেন, "বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশে গর্তে পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বৈশামুড়া এলাকায় দুর্ঘটনাকবলিত প্রায় ৫০ টন ওজনের লরিটি আজ সরানো হয়েছে। এসব কারণে যানজট বেড়েছে। গতকাল থেকেই পুলিশ সদস্যরা মহাসড়কে কাজ করছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।"






