টানা তিন দিনের প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও পরিবহনসংকটের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহনসংকটের প্রেক্ষাপটে আজ বুধবারে (৮/৭/২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।’
জানা গেছে, গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াত সমস্যার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।






