এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু-র আমদানি বিল পরিশোধের ফলে হ্রাস পেয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে মোট রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারে। অন্যদিকে, ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভের পরিমাণ কমে হয়েছে ২৭ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। মোট রিজার্ভ থেকে সব ধরনের দায়দেনা বাদ দেওয়ার পর এই প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, এবারই প্রথম দেশের নিট বা প্রকৃত রিজার্ভের তথ্য প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মে-জুন মাসের ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার আকু বিল পরিশোধ করা হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে।
আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যেকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির মূল্য প্রতি দুই মাস অন্তর নিষ্পত্তি করা হয়। তবে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।






