বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে আজ মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, "স্থগিত হওয়া এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা পরে আলাদা প্রশ্নপত্রে নেওয়া হবে।"

উল্লেখ্য, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে এইচএসসি পরীক্ষা পরিচালিত হচ্ছে।

পরীক্ষা স্থগিতের সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলাসহ অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

এদিকে চট্টগ্রামে টানা ভারী বর্ষণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরের জুলাই মাসের এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত। একই সঙ্গে রাঙামাটিতেও প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।