রেললাইনের ওপর পানি জমে থাকায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রাম নগরের ষোলশহরে আটকে আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে পড়ে। বেলা সোয়া তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি সেখানে অবস্থান করছে। ট্রেনটি পুনরায় কবে যাত্রা শুরু করবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না রেলওয়ের কর্মকর্তারা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়।

ষোলশহর স্টেশনের পরবর্তী জানালিহাট স্টেশনের মাস্টার নেজাম উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, "রেললাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক একপ্রেসে এক হাজারের মতো যাত্রী রয়েছেন।"

তিনি আরও জানান, সকাল সাড়ে ছয়টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করেছে এবং তখন কোনো সমস্যা হয়নি। তবে পরবর্তীতে মুষলধারে বৃষ্টি হওয়ায় রেললাইনের ওপর পানি জমতে শুরু করে, যার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বেলা ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল। নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও ট্রেনটি এখনো আটকে আছে। রেললাইনে জমে থাকা পানি সরার পর ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।