ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে কারাবাস শেষে ১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে তাঁদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

দেশে ফিরে আসা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন—রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০) ও ডিয়ার মানিকচর এলাকার আহসান হাবীব (১৯); চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার সাজাদ (২১), রুবেল মিয়া (৩৫) ও আল মামুন (২৮); শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মনিরুল ইসলাম (২২); নেত্রকোনার বিজয়পুর এলাকার রেজাউল ইসলাম (২৮) ও বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) এবং কাজিমুদ্দিন (২৪)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই ব্যক্তিরা বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের একটি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে বিএসএফ ও ভারতীয় পুলিশ তাঁদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালতের আদেশে তাঁরা কারাভোগ করেন। সাজা শেষ হওয়ার পর বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের ফেরত পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) বজলুর রশিদ বলেন, "বিজিবি, বিএসএফ এবং দুই দেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ১০ বাংলাদেশিকে গ্রহণ করা হয়। পরিচয় যাচাইসহ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"

অন্যদিকে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, "ফেরত আসা ব্যক্তিদের স্বজনরা আগে থেকেই সীমান্তে অপেক্ষা করছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"