ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে ঢাকা ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ উপলক্ষ্যে গত রোববার ঢাকার প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ। তিনি ব্যাংকের তিন দশকেরও বেশি সময়ের সফল পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। একইসঙ্গে উদ্ভাবন, প্রযুক্তি, গ্রাহককেন্দ্রিক সেবা এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্র্যান্ড ‘ট্রান্সফর্মিং টুগেদার’ শীর্ষক প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার তার বক্তব্যে বলেন, “৩১ বছরের সাফল্যের পেছনে গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, কর্মকর্তা-কর্মচারী ও সব অংশীজনের অব্যাহত আস্থা ও সহযোগিতা রয়েছে।” তিনি সুশাসন, টেকসই ব্যাংকিং, ডিজিটাল রূপান্তর ও দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে পরিচালনা পর্ষদের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।
বর্তমানে চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। তিনি প্রতিষ্ঠাকাল থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ঢাকা ব্যাংকের বিকাশের স্মৃতিচারণা করেন। পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়ে তিনি সততা, পেশাদারত্ব ও উৎকর্ষের সঙ্গে গ্রাহকসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক এ টি এম হায়াতুজ্জামান খান, রেশাদুর রহমান, আলতাফ হোসাইন সরকার, আফরোজা আব্বাস, আমির উল্লাহ, আবদুল্লাহ আল আহসান, মো. আমান উল্লাহ সরকার ও মির্জা ইয়াসের আব্বাস এবং স্বতন্ত্র পরিচালক বিলকিস আরা বেগম। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি বিভিন্ন শাখার ব্যবস্থাপকেরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।






