ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলমান বৃষ্টির ধারা আজ মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানী ঢাকাতেও দিনের কোনো এক সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপের প্রভাব আজও থাকবে। তবে মঙ্গলবার থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে; পাশাপাশি উপকূলীয় অঞ্চল—খুলনা, বরিশাল ও চট্টগ্রামেও বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।"
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির এই প্রবণতা বজায় থাকার আভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে যেসব এলাকায় অধিক বৃষ্টিপাত হবে, সেখানে ভ্যাপসা গরম কিছুটা প্রশমিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কক্সবাজারে ২৭৭ মিলিমিটার, কুতুবদিয়ায় ২৫৪ মিলিমিটার, চট্টগ্রামে ২০৬ মিলিমিটার ও বান্দরবানে ১৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় এই সময়ে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, "মৌসুমি নিম্নচাপের প্রভাব কমে না যাওয়া পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।"






