দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখা ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি বা রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে জনকল্যাণ ও জাতীয় প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদী অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। করপোরেট পর্যায়ে দেশে এ ধরনের সম্মাননা প্রদানের ঘটনা এটিই প্রথম। ব্যাংকটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সেবা, শুদ্ধাচার, অন্তর্ভুক্তি ও ইতিবাচক সামাজিক প্রভাবের আদর্শকে ধারণ করেই এই আয়োজন করা হয়েছে।
গত রোববার রাজধানীর একটি অনুষ্ঠানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সম্পাদক ইনাম আহমেদ। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে— এসিআই গ্রুপ, আঞ্জুমান মুফিদুল ইসলাম, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, বেঙ্গল ফাউন্ডেশন, বারডেম জেনারেল হাসপাতাল, বিশ্বসাহিত্য কেন্দ্র, বিকাশ লিমিটেড, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ব্র্যাক, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইসড (সিআরপি), ছায়ানট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণফোন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি), কুমুদিনী নার্সিং কলেজ, নটর ডেম কলেজ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), প্রাণ-আরএফএল গ্রুপ এবং স্কয়ার গ্রুপ।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক ও প্রযুক্তিগত উদ্ভাবন, খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতিতে এই প্রতিষ্ঠানগুলোর অনবদ্য অবদান রয়েছে। ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর তত্ত্বাবধানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন জুরি প্যানেল এই ২৫টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে।






