বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার পাশাপাশি মো. আনিছুর রহমানকে নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ সোমবার এই সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রথম প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গত বছরের ৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। তবে নিয়োগ বাতিলের সুনির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের শর্ত হিসেবে তাঁকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিত করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে মো. আনিছুর রহমানের নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।