সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের ফাঁকা জায়গায় পড়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় গত শনিবার বিকেলে রিয়াদের অলাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিবার গতকাল রোববার বিষয়টি জানতে পেরেছে।

নিহত দুই প্রবাসী হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের জয় আহমদ (২৬) ও খাগাইল গ্রামের মোহাম্মদ মোতাহার হোসাইন (৩২)। তাঁরা দুজনই সৌদি আরবে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত জয় আহমদের বাবা মাসুক মিয়া জানান, ২০২২ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জয়। এরপর আর বাড়ি ফেরা হয়নি তাঁর। সম্প্রতি তাঁর দেশে ফেরার কথা ছিল এবং পরিবারের পক্ষ থেকে তাঁর বিয়ের প্রস্তুতিও চলছিল। রোববার সকালে সৌদি আরবে অবস্থানরত এক স্বজন ফোন করে দুর্ঘটনার খবরটি জানান।

ছেলের মরদেহ ফিরে পেতে আকুতি জানিয়ে মাসুক মিয়া বলেন, “এখন আমাদের একটাই চাওয়া, সরকার যেন যত দ্রুত সম্ভব আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহায়তা করে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছে তাঁদের শোকসন্তপ্ত পরিবার।