বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে ভাষাগত দূরত্ব কমিয়ে যোগাযোগ সহজ করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটির ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’-এ যুক্ত করা হয়েছে দ্বিভাষিক ক্যাপশন সুবিধাসহ বেশ কিছু নতুন টুল। এই ফিচারের মাধ্যমে ভিডিওর ক্যাপশন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় কোনো ভাষায় অনুবাদ করা সম্ভব হবে, ফলে ব্যবহারকারীদের আর আলাদা কোনো অনুবাদ অ্যাপের ওপর নির্ভর করতে হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে দেওয়া এক পোস্টে ইনস্টাগ্রাম জানিয়েছে, প্রাথমিকভাবে ১৫টি ভাষায় এই সুবিধা চালু করা হয়েছে। এই তালিকায় রয়েছে ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি, জার্মান, ইতালীয়, কোরীয়, জাপানি, থাই, ইন্দোনেশীয়, রুশ, বাংলা, গুজরাটি ও কন্নড়।
দ্বিভাষিক ক্যাপশনের পাশাপাশি এডিটসে আরও কিছু সৃজনশীল ফিচার যুক্ত করা হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা ওভারলে সমর্থনসহ আরও উন্নত টেমপ্লেট তৈরি করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট ভিডিও ক্লিপ লক করার সুবিধা যুক্ত হয়েছে, যা সম্পাদনার সময় অনিচ্ছাকৃত পরিবর্তন রোধ করবে। পাশাপাশি ‘সিজনাল সাউন্ড ইফেক্টস’ ফিচারের মাধ্যমে বিভিন্ন শব্দ প্রভাব ব্যবহারের সুযোগ মিলবে।
গত বছরের জানুয়ারিতে ‘এডিটস’ অ্যাপ চালুর মাধ্যমে ভিডিও সম্পাদনার বাজারে প্রবেশ করে মেটা। বর্তমানে এই অ্যাপের মাধ্যমে ভিডিও ধারণ, একক ফ্রেমের নিখুঁত সম্পাদনা এবং সর্বোচ্চ ১০ মিনিট দৈর্ঘ্যের ওয়াটারমার্কবিহীন ৪কে ভিডিও বিনামূল্যে রপ্তানি করা যায়।
গত মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে মেটা এডিটসের জন্য আরও কিছু নতুন সুবিধার কথা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী এবং দীর্ঘ প্রতীক্ষিত ডেস্কটপ সংস্করণ। মেটার এই নতুন এআই সহকারী ইনস্টাগ্রামের পারফরম্যান্স সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীদের প্রয়োজনীয় পরামর্শ দেবে। কোনো ভিডিওতে দর্শক ধরে রাখার হার কত, কেন কোনো ভিডিও বেশি জনপ্রিয় হয়েছে বা কেন প্রত্যাশিত সাড়া পায়নি—সেই বিষয়ে বিশ্লেষণ প্রদান করবে এই সহকারী। এছাড়া নতুন কনটেন্ট তৈরির আইডিয়া, জনপ্রিয় অডিও ব্যবহারের পরামর্শ এবং পূর্বের পোস্টের ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনাও দেবে এটি।
ইনস্টাগ্রাম আরও জানিয়েছে, এডিটসের ডেস্কটপ সংস্করণ তৈরির কাজ চলছে। এটি চালু হলে নির্মাতারা বড় পর্দায় আরও নিখুঁতভাবে ভিডিও সম্পাদনা করতে পারবেন। একই সঙ্গে মোবাইল ও ডেস্কটপের মধ্যে প্রকল্পগুলো স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত থাকবে, ফলে একটি ডিভাইসে কাজ শুরু করে অন্য ডিভাইসে তা সম্পন্ন করা যাবে।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ডেস্কটপ সংস্করণ ও এআই সুবিধা যুক্ত হলে ভিডিও সম্পাদনার জনপ্রিয় অ্যাপ ক্যাপকাটের সঙ্গে প্রতিযোগিতায় মেটার এডিটস আরও শক্তিশালী অবস্থানে যেতে পারবে।






