মাঠের পারফরম্যান্সের চেয়েও ইদানীং ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স আর অবসর নিয়ে আলোচনা হচ্ছে বেশি। একটি ম্যাচ খারাপ খেললেই ধেয়ে আসে অবসরের প্রশ্ন। বিষয়টি নিয়ে যে পর্তুগিজ মহাতারকা বেশ বিরক্ত, তার প্রমাণ মিলল সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে। সেখানে মেজাজ হারিয়ে এক সাংবাদিককে সরাসরি আক্রমণ করে বসেন তিনি।
সংবাদ সম্মেলনের শুরু থেকেই অবধারিতভাবে রোনালদোর অবসরের প্রসঙ্গটি সামনে আসে। বারবার একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত সিআরসেভেন সোজাসুজি জানিয়ে দেন, “আপনাদের কথায় তো আর আমি অবসর নেব না। আমার যখন ইচ্ছে হবে তখন অবসর নেব। এখন খেলাটা উপভোগ করছি।”
কথা এখানেই শেষ করেননি রোনালদো। ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেলচারকে লক্ষ্য করে আঙুল উঁচিয়ে তিনি বলেন, “আপনি প্রশ্ন করুন। আমি জানি আপনি আমাকে একদমই পছন্দ করেন না। আপনি আমাকে একটা ভালো প্রশ্ন করুন তো।”
এরপর বেলচার জানতে চান, ৪১ বছর বয়সে বিশ্বকাপ খেলতে এসে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ কোনটি? জবাবে রোনালদো কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতেই বলেন, “সবচেয়ে কঠিন বিষয়? সবচেয়ে কঠিন হলো আপনার মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলা। বিশেষ করে যাঁরা আমাকে একদমই পছন্দ করেন না। আমি জানি আপনিও তাঁদের মধ্যে একজন। এত দিন ধরে কথা বলি, আমার চেহারা মনে থাকে। আপনার চেহারাটাও আমার ভালোভাবেই মনে আছে।”
বিশ্বকাপের আগে রোনালদোর বোন ইঙ্গিত দিয়েছিলেন যে, এই আসর শেষেই জাতীয় দল থেকে বিদায় নেবেন ভাই। তবে রোনালদো স্পষ্ট করেছেন, আবেগের বশে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না। তবে এটিই যে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, তা নিশ্চিত করেছেন তিনি। বেলচারের প্রশ্নের রেশ ধরে রোনালদো আরও যোগ করেন, “যতটা পারছি বিশ্বকাপটা উপভোগ করার চেষ্টা করছি। কারণ, এটাই আমার শেষ বিশ্বকাপ। আশা করি, স্পেনের বিপক্ষে ম্যাচটা শেষ ম্যাচ হবে না।”






