‘রকস্টার’ সিনেমার সাতটি গানে কণ্ঠ দিয়ে নতুন করে আলোচনায় আহমেদ হাসান সানি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়ও শোনা গেছে তাঁর গান। ছবিটিতে তিনি অভিনয়ও করেছেন। এই সংগীতশিল্পীর সাম্প্রতিক কাজের খবর নিয়েছেন মনজুর কাদের
.

পর্দায় যখন ‘রকস্টার’ হয়ে হাজির হন শাকিব খান, তখন দর্শকের চোখ থাকে তাঁর উপস্থিতিতে। কিন্তু সেই রকস্টারের প্রেম, আবেগ, উচ্ছ্বাস আর বেদনার ভাষা হয়ে ওঠা গানগুলোর পেছনে ছিলেন আহমেদ হাসান সানি। কথা, সুর, কণ্ঠ—সবই তাঁর। দীর্ঘদিন ধরেই গানের জগতে আছেন সানি। তবে ‘রকস্টার’ তাঁর ক্যারিয়ারে যোগ করেছে নতুন এক অধ্যায়। কারণ, এই সিনেমার কল্যাণেই শাকিব খানের সঙ্গে শুধু কাজের সম্পর্ক নয়, শুটিং, আড্ডা, গান আর নানা স্মৃতির ভেতর দিয়ে তৈরি হয়েছে বিশেষ সম্পর্ক।

.

এই তো সম্প্রতি এক অনুষ্ঠানে ‘আমি’ গানটি গাইতে গিয়ে সানিকে হঠাৎ মঞ্চে ডেকে নেন শাকিব খান। দুজন একসঙ্গে গেয়ে ওঠেন, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার হাতটা রাখো তোমার হাতে।’ মুহূর্তে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ক্লিপ। তবে সানির কাছে এটা শুধু একটি ভাইরাল ভিডিও না; বরং তারকার কাছ থেকে পাওয়া স্বীকৃতি। সানি বলেন, ‘কখনো ভাবিনি, আমার রাস্তা শাকিব খানের রাস্তা অতিক্রম করবে। সব মিলিয়ে “রকস্টার” আমার জন্য অনেক চমকপ্রদ অভিজ্ঞতা।’

.

সেভেন কতটা লাকি

‘রকস্টার’ ছবির ১০টি গানের ৭টিতেই কণ্ঠ দিয়েছেন সানি। মূলধারার বাণিজ্যিক সিনেমায় ৭টি গান লাকি সেভেন হয়ে উঠতে পারল কি—এমন প্রশ্নে সানি বলেন, ‘অনেক সময় নিয়ে গানগুলো বানিয়েছি। মানুষ পছন্দ করেছে। এর মধ্যে আমরা একদিন শাকিব ভাইয়ের সঙ্গে আড্ডা দিয়েছি। তিনি বলেছেন, গানগুলো একা একা শুনতে কিন্তু দারুণ। এটা আমার জন্য ভীষণ প্রেরণার।’

.

এক যুগের বেশি সময় ধরে গান গাইলেও ছয় বছর আগে প্রকাশিত ‘শহরের দুইটা গান’ ও ‘আমরা হয়তো’ সানিকে পৌঁছে দেয় সাধারণ শ্রোতার কাছে। এরপর দেশের সীমানা পেরিয়ে ধীরে ধীরে বাইরেও ছড়িয়ে পড়ে তাঁর গান। ভারতের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কনসার্টে সানির গান পরিবেশন করার পর কলকাতার সংগীতপ্রেমীদের মধ্যেও তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হয়। তাঁর কণ্ঠে ‘আনন্দ ভৈরবী’ গানটিও কলকাতার শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে।

‘রকস্টার’ শেষ করে এখন নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি। ইতিমধ্যে কবি শহীদ কাদরীর ‘যাত্রা’ কবিতা অবলম্বনে তৈরি করেছেন ‘এ তোমার কেমন চলে যাওয়া’। এ ছাড়া পথশিশুদের নিয়ে কলকাতার কবি মৃদুল দাশগুপ্তের লেখা একটি কবিতা থেকে তৈরি করেছেন ‘পাখপাখালির বাসা’। গানটির সুর করেছেন সহজিয়া ব্যান্ডের রাব্বি।

নতুন কাজ নিয়ে সানি বলেন, ‘ভালো ভালো গান বানাতে হবে, সেভাবেই কাজ করছি। একে একে গানগুলো প্রকাশ হবে। আশা করছি, মাসখানেকের মধ্যেই শ্রোতারা নতুন গান পাবেন। শহীদ কাদরী ও মৃদুল দাশ গুপ্ত—দুজনই আমার ভীষণ প্রিয় কবি। তাঁদের কবিতাকে গানে রূপ দেওয়ার চেষ্টা করেছি।’ এর বাইরে আরও কয়েকটি নতুন গানের কাজ চলছে সানির।

.

পরিচালনায় স্বামী–স্ত্রী

গান দিয়ে পরিচিতি পেলেও আহমেদ হাসান সানির অনেক দিনের ইচ্ছা নির্মাতা হওয়ার। শূন্য দশকের শুরুতে ‘ওরা ১১ জন’ দেখে চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহ। সেই আগ্রহ থেকেই ২০১০ সালে চলচ্চিত্র নির্মাণের ওপর একটি কর্মশালায় অংশ নেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে ভর্তি হয়েছিলেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগে। তবে বছরখানেক পর আর সেই পড়াশোনা চালিয়ে যাননি।

২০১২ সালে সংগীতজগতে যাত্রা শুরু আর ২০১৫ সালের দিকে বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে অভিষেক। এর পর থেকে নিয়মিত বিজ্ঞাপন নির্মাণ করে যাচ্ছেন। পাশাপাশি ফিচার চলচ্চিত্র নির্মাণের স্বপ্নও লালন করছেন। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। এবার নতুন একটি সিনেমা নিয়ে এগোচ্ছেন সানি। ছবিটি তাঁর সঙ্গে পরিচালনা করবেন তাঁর স্ত্রী ও চিত্রনাট্যকার নুসরাত ইসলাম।

.

অর্জনের বছর

এক যুগের ক্যারিয়ারে গানের কথা-সুরে শহরকে তুলে ধরেছেন আহমেদ হাসান সানি। মৌলিক গানের পাশাপাশি বব ডিলান, আল মাহমুদ, শক্তি চট্টোপাধ্যায়কেও সুরে বেঁধেছেন। এবার তাঁকে মূলধারার বাণিজ্যিক সিনেমায় বেশ ভালোভাবেই পাওয়া গেছে। ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’—চলতি বছরটিকে এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সেরা মনে করছেন তিনি।

গত ১৯ জুলাই শুক্রবার দুপুরে আহমেদ হাসান সানির সঙ্গে যখন কথা হচ্ছিল, এর কিছুক্ষণ আগেই তিনি কলকাতার পরিচালক মোহাম্মদ সাহিলের সঙ্গে কথা বলছিলেন। এই পরিচালক ‘সাউন্ড অব ওয়েব’ নামের একটি ছবি করছেন। ছবিতে একটি গান থাকছে আর সেই গানে কণ্ঠ দিতে যাচ্ছেন সানি।

.

কলকাতার সিনেমায়

সপ্তাহ দুয়েক আগের এক শুক্রবার দুপুরে আহমেদ হাসান সানির সঙ্গে যখন কথা হচ্ছিল, সেদিন তিনি কলকাতার পরিচালক মোহাম্মদ সাহিলের সঙ্গে কথা বলছিলেন। এই পরিচালক ‘সাউন্ড অব ওয়েব’ নামে একটি ছবির শেষ করেছেন। ছবিতে একটি গান থাকছে, আর সেই গানে কণ্ঠ দিতে যাচ্ছেন সানি। এর আগে সৌমিক বাসুড়ি পরিচালিত ‘ফ্রম নোহোয়ার’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গান করেছিলেন আহমেদ হাসান সানি।

.

‘সাউন্ড অব ওয়েব’ নামের এই চলচ্চিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। সানি বলেন, ‘দেশের বাইরে নিজের কাজ নিয়ে যাওয়াটা সব সময়ই আনন্দের। এর আগে কলকাতার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গান করেছি। এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমায় কাজ করছি। সেখানে আমার আলাদা একটা শ্রোতা শ্রেণি তৈরি হয়েছে। মনে হচ্ছে, ‘রকস্টার’ আমাকে আরও বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে।’