বলিউড প্রযোজক বনি কাপুর–কন্যা ও রিয়েলিটি শোর পরিচিত মুখ অংশুলা কাপুর বিয়ের পিঁড়িতে বসছেন ৬ জুলাই। বিয়ের আগে শনিবার আয়োজিত হয় তাঁর ঘরোয়া মেহেদি অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

অনুষ্ঠানের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সোনম কাপুর এবং সোশ্যাল মিডিয়া তারকা অরি (ওরহান আওয়াত্রামানি)। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়।

নাচতে নাচতে মঞ্চে হাজির বর
মেহেদি অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল হবু বর করণ ঠাক্কারের চমকপ্রদ প্রবেশ। ঢোলের তালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির জনপ্রিয় গান ‘মেহেন্দি লাগা কে রাখনা’তে নেচে অনুষ্ঠানে প্রবেশ করেন তিনি। করণের এই সারপ্রাইজ এন্ট্রিতে স্পষ্টতই আবেগাপ্লুত ও আনন্দিত হয়ে পড়েন অংশুলা। হাসিমুখে তাঁকে স্বাগত জানাতে দেখা যায় হবু কনেকে।

.

পরিবারের সঙ্গে নাচে-গানে আনন্দ
অনলাইনে ছড়িয়ে পড়া আরও কয়েকটি ভিডিওতে দেখা যায়, ‘দিল ধড়কনে দো’ ছবির গানে নাচছেন অংশুলা। পরিবারের সদস্যদের সঙ্গে হাসি-আড্ডা, নাচ-গান আর উৎসবের আবহে জমে ওঠে পুরো অনুষ্ঠান।

শেয়ার করা ছবিগুলোর একটিতে অংশুলাকে হাতে কালিরে পরে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। মেহেদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অর্জুন কাপুর, সোনম কাপুরসহ কাপুর পরিবারের অনেক সদস্য।
জাহ্নবী বেছে নিয়েছিলেন সাদা রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক, অন্যদিকে খুশি কাপুর ছিলেন সাদামাটা ঐতিহ্যবাহী পোশাকে।

বোন অংশুলার সঙ্গে মিল রেখে সবুজ পোশাকে হাজির হন অর্জুন কাপুর, যা পারিবারিক উদ্‌যাপনে আলাদা মাত্রা যোগ করে।

.

অনেক আগেই শুরু বিয়ের উৎসব
অংশুলা ও করণের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল গত ২১ জুন, বাড়িতে আয়োজিত মাতা কি চৌকি অনুষ্ঠানের মাধ্যমে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহিপ কাপুর, শানায়া কাপুর, জাহ্নবী কাপুর ও খুশি কাপুরসহ পরিবারের সদস্যরা। এরপর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে দক্ষিণ কোরিয়ার সিউলে ব্যাচেলরেট পার্টিও উদ্‌যাপন করেন অংশুলা।

.ডেটিং অ্যাপে পরিচয়, বিয়ের পিঁড়িতে বসছেন কাপুর–কন্যা.

কীভাবে পরিচয়
অংশুলা কাপুর ও করণ ঠাক্কারের পরিচয় হয় ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ২০২৩ সালের মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অংশুলা।

গত বছরের অক্টোবরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়।

সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ করে অংশুলা লিখেছিলেন, তাঁদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত যেন রূপকথার মতো। ভালোবাসা, পরিবারের আশীর্বাদ এবং প্রয়াত মা মোনা শৌরি কাপুরের স্মৃতিই ছিল সেই দিনের সবচেয়ে বড় শক্তি।
সব আনুষ্ঠানিকতা শেষে ৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অংশুলা কাপুর ও করণ ঠাক্কার। বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন অংশুলার বাবা বনি কাপুর।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে