নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী সন্দেহে সিজান (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিজান শহরের পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ মিয়ার ছেলে।
নিহত যুবকের বাবা ইউনূস মিয়ার ভাষ্য, এলাকার মসজিদের ইমাম কাউছার হোসেন সম্প্রতি এলাকায় আল ফালাহ কল্যাণ নামে মাদক ও সন্ত্রাসবিরোধী একটি সামাজিক সংগঠন করেছেন। এ সংগঠনে অন্তত ৩০ থেকে ৪০ জন সদস্য আছেন। কাউছার তাঁদের দিয়ে এলাকার অনেক ছেলেকে ধরে নিয়ে নির্মম নির্যাতন করেন। গতকাল রাত ৮টার দিকে কাউসারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন কিশোর ও যুবক তাঁর ছেলে সিজানকে বাসা থেকে ধরে নিয়ে যান। এরপর মাসদাইর মোড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হয়। তাঁর ডান পা পাইপ দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হয়। নিথর হয়ে পড়লে কাউসার খুঁটি থেকে হাতের বাঁধন খুলে দিয়ে চিকিৎসা করাতে বলেন।
এরপর সিজানকে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগের বিষয়ে কাউসার হোসেন বলেন, সিজানের নামে ছিনতাইসহ অনেক অভিযোগ আছে। তাঁকে বাসা থেকে আনা হয়েছিল বুঝানোর জন্য, সে যেন খারাপ কাজ ছেড়ে দেয়। তখন কিছু উত্তেজিত লোকজন সিজানকে পিটুনি দেয়। যারা পিটুনি দিয়েছে, তারা তাঁর কেউ নয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম মুক্তকণ্ঠকে বলেন, সিজানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন আছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






