মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তরে নিয়োগ ও পদোন্নতি–সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মকর্তা–কর্মচারীদের সম্মানী ও আনুষঙ্গিক ব্যয়ের নতুন হার নির্ধারণ করা হয়েছে। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা–কর্মচারীদের কয়েকটি ক্ষেত্রে সম্মানীর হার বাড়ানো হয়েছে। একই সঙ্গে উত্তরপত্র নিরীক্ষণ, ওএমআর টপশিট, লিথোগ্রাফিক কোডিং–ডিকোডিংসহ কয়েকটি নতুন ব্যয় খাতও সংযোজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) অর্থ বিভাগের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী আগের মতোই ছয় হাজার টাকা বহাল রাখা হয়েছে। বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতি সভায় জনপ্রতি ছয় হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের প্রতিদিন জনপ্রতি ছয় হাজার টাকা প্রদান করা হবে।
.উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৩০ টাকা এবং পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ৩৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৫ টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীদের সম্মানীর হার বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা পাবেন, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা। ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা পাবেন ১ হাজার ২০০ টাকা, যা আগে ছিল ১ হাজার টাকা। আর ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সম্মানী ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।
এ ছাড়া খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রতিটি খাতায় ৫০ টাকা, লিখিত পরীক্ষার ভেন্যুর প্রতিষ্ঠানপ্রধান বা তাঁর মনোনীত সমন্বয়কারীকে ৩ হাজার ৫০০ টাকা এবং লিখিত পরীক্ষাকেন্দ্রের পরিদর্শককে প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা সম্মানী আগের মতোই বহাল রাখা হয়েছে।
.নতুন পরিপত্রে লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুত (কাগজসহ) বাবদ পরীক্ষার্থীপ্রতি ১২ টাকা এবং প্রশ্নপত্র তৈরি, কাগজ, ডুপ্লিকেটিং মেশিন ভাড়া (প্রযোজ্য ক্ষেত্রে) ও কালি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা ব্যয়ের বিধান রাখা হয়েছে। আগে উত্তরপত্র প্রস্তুতের জন্য পরীক্ষার্থীপ্রতি ৬ টাকা নির্ধারিত ছিল।
এ ছাড়া নতুনভাবে ওএমআর টপশিট মুদ্রণ ও ক্রয়ের জন্য ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং ও ডিকোডিংয়ের জন্য ইউনিটপ্রতি ৫ টাকা এবং প্রচলিত কোডিং ও ডিকোডিংয়ের জন্য ইউনিটপ্রতি ৪ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
.কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৫১.পরিপত্রে আরও বলা হয়েছে, লিখিত, ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়ন ব্যয় সরকারের সবশেষ নির্দেশনা ও ‘আর্থিক ক্ষমতা অর্পণ–২০২৬’ অনুসারে নির্বাহ করতে হবে। প্রয়োজনে দুপুর বা রাতের খাবারের ব্যয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বহন করা যাবে এবং নাশতার জন্য দৈনিক সর্বোচ্চ দুবার ব্যয় করা যাবে।
এ ছাড়া ট্রাংক, তালা–চাবি, কাগজ, কলমসহ অন্য আনুষঙ্গিক বিবিধ ব্যয়ের সর্বোচ্চ সীমা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
পরিপত্র জারির দিন থেকেই নতুন হার কার্যকর হবে। একই সঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের ২০২৫ সালের ২০ অক্টোবরের ৩৩০ নম্বর স্মারক বাতিল করা হয়েছে।
*পরিপত্র দেখুন এখানে
.প্রাথমিকে ৩৬ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু, জানালেন মন্ত্রী





