ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আইডিয়া কনটেস্ট ২০২৬-এর চূড়ান্ত পর্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘টিম রোদ্দুর’। প্রথম রানারআপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বাস্থ্যশক্তি’ এবং দ্বিতীয় রানারআপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘সোলারক্লাস্টার’।
নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ প্রজন্মের উদ্ভাবনী প্রস্তাবনার সন্ধানে সাভারে এ আয়োজন করে বুয়েট।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতিস্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা বাস্তবায়নের সম্ভাবনা, বিবিধ চ্যালেঞ্জসহ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে তরুণদের উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করতে নানামুখী কার্যক্রম পরিচালনা টিআইবির অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র। এরই অংশ হিসেবে ‘প্রোমোটিং গুড গভর্ন্যান্স অ্যান্ড ইন্টেগ্রিটি ইন দ্য এনার্জি সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ২০৫০ সালের মধ্যে এই উৎস থেকে শতভাগ জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ প্রজন্মের কাছ থেকে নতুন ও উদ্ভাবনী প্রস্তাবনা পেতে টিআইবি এই আইডিয়া কনটেস্ট আয়োজন করেছে। দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গঠিত দলগুলো থেকে তিন শতাধিক আইডিয়া জমা পড়ে, যার মধ্য থেকে প্রথম ধাপে ৩০টি এবং চূড়ান্ত রাউন্ডের জন্য ১০টি দল নির্বাচিত হয়। ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত আইডিয়া কনটেস্ট ২০২৬-এর সমাপনী অধিবেশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘চূড়ান্ত পর্যায়ে আসা ১০টি দলই শুধু নয়, বরং নতুন আইডিয়া নিয়ে আসা সবাই এখানে বিজয়ী। আমরা অতীতে দেখেছি, দেশের প্রতিটি ইতিবাচক পরিবর্তনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। টিআইবি মনে করে সেই ধারাবাহিকতায় জ্বালানি স্বনির্ভরতা নিশ্চিতে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য বাংলাদেশ হাঁটবে তরুণদের দেখানো পথেই।’
প্রতিযোগিতার সেরা দল ‘টিম রোদ্দুর’-এর সদস্য মো. মিরাজ হোসেন মাহিন ও মেহেরাব হোসেন অপির উদ্ভাবন ‘রোদ্দুর এআই’ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে সৌরশক্তি স্থাপনের সম্ভাব্যতা বিনা মূল্যে যাচাইয়ের সুযোগ দেবে। প্রথম রানারআপ দল ‘স্বাস্থ্যশক্তি’-এর পক্ষ থেকে তানজীম মালিয়াত ও আসফিন জান্নাত শামসী বন্যাপ্রবণ গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলোকে হাইব্রিড নবায়নযোগ্য জ্বালানিচালিত জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের রূপরেখা উপস্থাপন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাসিমুজ্জামান সাব্বিরের ‘সোলারক্লাস্টার’ সাতক্ষীরার উপকূলীয় চিংড়ি চাষ ক্লাস্টারগুলোয় কমিউনিটি-মালিকানাধীন সোলার মিনি-গ্রিড স্থাপনের মাধ্যমে পরিষ্কার ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহের টেকসই মডেল উপস্থাপন করে দ্বিতীয় রানারআপ হয়েছে। চ্যাম্পিয়ন দলকে ১ লাখ ৫০ হাজার টাকা, প্রথম রানারআপ দলকে ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ দলকে ৭৫ হাজার টাকা পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ (ইটিআই) বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম) মুনিরউদ্দিন শামীম, বিশ্বব্যাংকের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরীন আহমেদ মাহবুব; টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য ও যুগ্ম সচিব রতন কুমার ঘোষ এবং সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ অ্যাসোসিয়েট মেহেদী হাসান শামীম, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং এনার্জি গভর্ন্যান্স বিভাগের সমন্বয়ক নেওয়াজুল মওলা।






