ফ্রান্স ৪–১ নরওয়ে
সেনেগাল ৫–০ ইরাক
‘মাস্টারক্লাস’? তা বলাই যায়। প্রথমার্ধে নরওয়ে রক্ষণের সামনে এমনই ছিলেন উসমান দেম্বেলে। বরং মজা করে এটাও বলা যায়, ম্যাচের প্রথম ভাগে দেম্বেলে আসলে ‘মাস্টার’ হয়ে নরওয়ে রক্ষণের ‘ক্লাস’ নিয়েছেন। ফলাফল? ৩২ মিনিটে হ্যাটট্রিক!
বোস্টনে বিশ্বকাপে সর্বশেষ ৭২ বছরের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক করেন দেম্বেলে। তাতে নরওয়ের বিপক্ষে ৪–১ গোলে জিতেছে ফ্রান্স। ৭, ২০ ও ৩২ মিনিটে গোল করেন দেম্বেলে। যোগ করা সময়ে ফ্রান্সকে আরও একটি গোল এনে দেন একাদশে ফেরা দেজিরে দুয়ে।
এই জয়ে ‘আই’ গ্রুপে চ্যাম্পিয়ন হলো আগেই নকআউট নিশ্চিত করা কিলিয়ান এমবাপ্পেদের। শেষ ৩২ দলের রাউন্ডে ফ্রান্সের প্রতিপক্ষ কোন দল, তা এখনো নিশ্চিত হয়নি। নিউ জার্সিতে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হতে যাওয়া সে ম্যাচে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ ‘সি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’, ও ‘এইচ’ গ্রুপের মধ্যে তৃতীয় সেরা কোনো দল। সেটা সুইডেন হওয়ার সম্ভাবনাই বেশি।
দেম্বেলের সামনে দাঁড়াতে না পারা নরওয়ে কিন্তু গোল পেয়েছে প্রথমার্ধেই। ২১ মিনিটে বক্সে জায়গা করে নেওয়া শটে গোল করেন নরওয়ে মিডফিল্ডার থেলো অসগার্ড। নরওয়ে আরও একটি গোল শোধ করতে পারত, যদি ৫০ মিনিটে নেওয়া পেনাল্টি শটে গোল পেতেন ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। তাঁর দুর্বল শট সহজেই ঠেকান ফ্রান্সের গোলকিপার মাইক মাইক মাইনিয়ঁ।
সর্বশেষ ২ ম্যাচে ৪ গোল করা তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে বেঞ্চে বসিয়ে নরওয়ে অবশ্য আগেই কিছুটা চমকে দেয়। শুধু কী তাই, একাদশে মোট ১০টি পরিবর্তন আনে তারা। দেখে মনে হয়েছে মূল দল রেখে ‘দ্বিতীয় দল’ মাঠে নামিয়েছে নরওয়ে। হলান্ড থাকলে সম্ভবত ম্যাচে আরও গোল পেত দলটি।
হেরে ‘আই’ গ্রুপে রানার্স আপ হতে হলো আগেই নকআউট নিশ্চিত করা নরওয়েকে। শেষ ৩২ দলের রাউন্ডে তাদের প্রতিপক্ষ ‘ই’ গ্রুপের রানার্স আপ দল আইভরিকোস্ট। ডালাসে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় এ ম্যাচটি শুরু হবে।
‘আই’ গ্রুপে আরও একটি ম্যাচ ছিল টরন্টো স্টেডিয়ামে। সেখানে ইরাকের জালে গোল উৎসব করেছে সেনেগাল। ৫–০ গোলের বড় জয় পান সাদিও মানেরা। ১৩ মিনিটে ইরাকের রেবিন সুলাকা লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় দলটি। এই সুযোগে গ্রুপের তৃতীয় সেরা হয়ে শেষ ৩২ দলের রাউন্ডে উঠতে গোল ব্যবধান বাড়িয়ে নেয় সেনেগাল।
৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় নরওয়ের সমান ম্যাচে সংগ্রহ ৬ পয়েন্ট। তৃতীয় সেনেগাল ৩ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে। ৮ গোল করার পাশাপাশি ৬ গোল হজম করায় সেনেগালের গোল ব্যবধান ২। গ্রুপের তৃতীয় সেরা হিসেবে শেষ ৩২ দলের রাউন্ডে উঠতে অপেক্ষা করতে হবে সেনেগালকে। ৩ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া ইরাক বাদ পড়ল গ্রুপ পর্ব থেকে।






