তুলনামূলক কম দামে স্মার্ট চশমা কেনার সুযোগ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) একাধিক মডেলের নতুন স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা। বিখ্যাত চশমা নির্মাতা প্রতিষ্ঠান এসিলরলাক্সোটিকার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তৈরি করা হয়েছে নতুন চশমাগুলো। তবে মেটার আগের সংস্করণগুলোর মতো এই চশমাগুলোয় রে-ব্যান বা ওকলের মতো কোনো ব্র্যান্ডিং বা নাম থাকবে না। নতুন স্মার্ট চশমাগুলোর দাম ধরা হয়েছে সর্বনিম্ন ২৯৯ ডলার। মেটার রে-ব্যান স্মার্ট চশমার দাম ৩৭৯ ডলার থেকে শুরু হওয়ায় নতুন স্মার্ট চশমাগুলো কম দামে কেনা যাবে।

মেটার তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট চশমাগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই আশপাশের ছবি তুলতে ও ভিডিও করতে পারবেন। গান শোনার পাশাপাশি ফোনে কথাও বলা যাবে। চশমাগুলোয় থাকা সমন্বিত এআই অ্যাসিস্ট্যান্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিভিন্ন তথ্য জানাসহ এক ভাষার বার্তা অন্য ভাষায় সরাসরি অনুবাদ করে শোনা যাবে।

মেটা বর্তমানে ওকলে ব্র্যান্ডের দুটি স্মার্ট চশমা বিক্রি করে, যেগুলোর দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে। অন্যদিকে তাদের সবচেয়ে উন্নত প্রযুক্তির মেটা রে-ব্যান ডিসপ্লে চশমার দাম প্রায় ৮০০ ডলার। নতুন এআই স্মার্ট চশমা উন্মোচনের বিষয়ে মেটার পরিধানযোগ্য প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল বলেন, ‘আমাদের মনে হয়েছে যে অপেক্ষাকৃত কম দামে আমাদের এক জোড়া চশমা বাজারে থাকা প্রয়োজন। আমরা বোঝার চেষ্টা করছিলাম যে সেই বাজেটের মধ্যে কোন জিনিসটি ভালো কাজ করতে পারে।’

মেটার নিজস্ব এআই মডেলের মাধ্যমে চশমাটি ১৪টি ভাষায় লাইভ অনুবাদ বা সরাসরি অনুবাদপ্রক্রিয়া সমর্থন করবে। ফলে বিদেশে ভ্রমণের সময় ব্যবহারকারীর স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি আশপাশের পরিবেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারবেন।

প্রসঙ্গত, স্মার্ট চশমার বাজারে বর্তমানে মেটার একচ্ছত্র আধিপত্য রয়েছে। তবে অন্যান্য প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোও দ্রুত মেটাকে ধরার চেষ্টা করছে। চলতি মাসের শুরুর দিকে স্ন্যাপচ্যাটের নির্মাতা প্রতিষ্ঠান স্ন্যাপ তাদের নতুন প্রজন্মের স্মার্ট চশমা স্পেকস বাজারে আনার ঘোষণা দিয়েছে।

সূত্র: টেকএক্সপ্লোর, মেটা