আগে ব্যাট করে রেকর্ড রান করেছিল বাংলাদেশের মেয়েরা। বল হাতেও শুরুটা ভালো হয়েছিল—কিন্তু প্রথম ওভারেই ক্যাচ ফেলে দেন নিগার সুলতানা। পরে ভারতের ৫ উইকেট তুলতে পারলেও খুব একটা লড়াই করতে পারেননি তারা।
ওল্ড ট্রাফোর্ডে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ। ওই রান ১৮ বল হাতে রেখে পেরিয়ে গেছে ভারত।
টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে গিয়ে আউট হন ওপেনার দিলারা আক্তার। ৮ বলে ৪ রানে তিনি ফেরার পর ভালো একটা জুটি গড়েছিলেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি।
তাদের ৪১ বলে ৫১ রানের জুটিতে লড়াই করার মতো পুঁজির ভিত পায় বাংলাদেশ। ৩১ বলে ৩৩ রান করে জুয়াইরিয়া ও ২৬ বলে ২২ রান করে আউট হয়ে যান সোবহানা। তারা দুজন ফেরার পরও দলের রানের চাকা সচল রাখেন অধিনায়ক নিগার। ২৭ বলে ৩২ রান করে তিনি আউট হন।
রানের গতিটা যেভাবে বাড়ানো দরকার ছিল, সেভাবে পারছিলেন না শারমিন আক্তার। ১২ বলে ১০ রান করার পর ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউট হন শারমিন।
পরে স্বর্ণা আক্তারের ১০ বলে ১৩ ও রিতু মনির ৪ বলে ৮ রান করার পর ১৩৬ রান করে বাংলাদেশ। টি-টুয়েন্টি বিশ্বকাপে আগে ব্যাট করে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস এটিই। দুই ইনিংস মিলিয়েই টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এর চেয়ে বড় ইনিংস খেলেছে মাত্র একটি। সেটিও এবার নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪১।
রান তাড়ায় নামা ভারত প্রথম ওভারেই উইকেট হারাতে পারত। কিন্তু মারুফার করা চতুর্থ বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছিলেন শেফালি বর্মা। কিন্তু নিগার তা ধরে রাখতে পারেননি।৩৪ বলে ৫৩ রান করে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা কেড়ে নেন তিনিই। যষ্টিকা ভাটিয়ার ১৮ বলে ২৩ ও শেষদিকে জেমিমা রদ্রিগেজ ১৫ বলে ২৬ রানে সহজ জয় পেয়েছে ভারত। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৯ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট পান রিতু মনি।
এবারে বিশ্বকাপে ৪ ম্যাচে এটি দ্বিতীয় হার বাংলাদেশের মেয়েদের। সেমিফাইনালে উঠার সম্ভাবনা তাদের অনেকটাই ফিকে হয়ে গেছে। শেষ ম্যাচে আগামী ২৮ জুন নিগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।






