দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই বোন ও ভাবির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্যপাড়া বাজারের কাল নদীর বউবাজার ঘাটে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া বউবাজার এলাকার দুলালী খাতুন (২৪), তাঁর ছোট বোন সুরভী খাতুন (১৩) ও তাঁদের ভাবি সুমাইয়া আক্তার ওরফে আকলিমা বেগম (১৯)।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বেলা ১টা ৩০ মিনিটে বাড়ির পাশের কাল নদীতে গোসল করতে নেমে তাঁরা হঠাৎ পানিতে ডুবে যান। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কাল নদীর ধারে গিয়ে পরিবারের লোকজন জামাকাপড় পড়ে থাকতে দেখেন। এ সময় একটি মাছ ধরার জাল নিয়ে এসে নদীতে জাল ফেলে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়।

উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম বলেন, মধ্যপাড়া বাজারের কাল নদীর বউবাজার ঘাটে দীর্ঘদিন ধরে স্থানীয় নারী-পুরুষ গোসল করেন। আকস্মিকভাবে নদীর তলদেশ গভীর হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মধ্যপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের একদল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন জানান, পার্বতীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে লাশ দাফনের জন্য তাৎক্ষণিক ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। পরে আরও আর্থিক সহযোগিতা করা হবে।