এক–এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর হওয়া নির্যাতনের বিচার দাবি করেছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তার। তাঁর আশঙ্কা, এ ঘটনার বিচার না হলে পরবর্তী সময়ে এমন ঘটনা আরও ঘটতে পারে।
আজ বুধবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান সংরক্ষিত নারী আসনের সদস্য শাম্মী আক্তার।
এই সদস্য বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময়ে বলেছেন, এখনো এক্স–রে করলে দেখা যাবে প্রধানমন্ত্রীর মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে।
শাম্মী আক্তার বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি প্রতিহিংসা–প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। এটি ইতিবাচক। শাম্মী আক্তার বলেন, ‘কিন্তু প্রতিশোধ না নেওয়া মানে বিচারহীনতা নয়। আমরা চাই, এক সরকারের সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ওপর যে নির্যাতন সংঘটিত হয়েছে, এ ঘটনার মুখোশ উন্মোচন করা হোক এবং এ ঘটনার আমি বিচার দাবি করছি।’
নিজের বক্তব্যে প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে শাম্মী আক্তার বলেন, প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনকল্যাণের একটি কাঠামো।






