ডেঙ্গুসহ মশাবাহিত রোগনিয়ন্ত্রণে উচ্চপর্যায়ের বিশেষ টাস্কফোর্স গঠনের পরদিনই মাঠে নেমেছে তারা। আজ বুধবার রাজধানীর গুলশান–২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে একটি রেস্তোরাঁর পরিত্যক্ত পাত্রে এডিস মশার বিপুল পরিমাণ লার্ভা পাওয়া যায়। পরে রেস্তোরাঁটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় গুলশান এলাকার বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন, রেস্তোরাঁ, আবাসিক ভবনের ছাদ ও বেজমেন্ট পরিদর্শন করা হয়।
এ সময় একটি রেস্তোরাঁয় পড়ে থাকা পাত্রে জমে থাকা পানিতে বিপুল পরিমাণ লার্ভা পাওয়া যায়। ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ এবং বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের আঙিনা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়। পরিদর্শনের সময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামীকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় টাস্কফোর্স সরেজমিনে কার্যক্রম পরিচালনা করবে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
অভিযানের সময় মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। তিনি বলেন, বর্তমানে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা ৯৭ থেকে ১০০ শতাংশ। এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেননি যে ওষুধটি অকার্যকর হয়ে পড়েছে বা এটি কাজ করছে না।
জাতীয় কমিটির সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে গতকাল মঙ্গলবার এই বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।






