দিনাজপুর সদর উপজেলায় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতাড়া মনিপুর সীমান্তের শালকি ডুয়াপাড়া পাথারবাড়ি দিয়ে আসার সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় আনসার সদস্যরা তাঁদের আটক করেন। বর্তমানে তাঁদের শংকরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে রাখা হয়েছে।
আটক করা ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জাহানারা বেগম (৪৪) ও আকুব্বর মোল্যা (৫১)। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। আটক অন্য দুজন ওই নারীর ছেলে ও ভাই।
শংকরপুর ইউপির সদস্য পঙ্কজ বসাক বলেন, ‘আজ ভোরে ডুয়াপাড়া পাথারবাড়ি দিয়ে গ্রামে আসার সময় স্থানীয় লোকজন এই চারজনকে আটক করেন। খবর পেয়ে কর্তব্যরত আনসার সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিক কথাবার্তায় জানা যায়, দীর্ঘদিন ধরে তাঁরা ভারতে বসবাস করছিলেন। এ সময় তাঁদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে জানতে পারি, তাঁদের বাড়ি বাংলাদেশের নড়াইলের কালিয়া মির্জাপুর এলাকায়। তাঁরা একই পরিবারের সদস্য।’
শংকরপুর ইউনিয়নের আনসার কমান্ডার আবদুস সালাম বলেন, ‘আটক করা ব্যক্তিরা জানান যে দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় সীমান্তের লাইট বন্ধ করে তাঁদের পার করে দেওয়া হয়। তবে কোন এলাকা দিয়ে পার করেছে, সেটা বলতে পারছেন না তাঁরা। সারা রাত ধরে তাঁরা হেঁটে হেঁটে ডুয়াপাড়া পাথারে আসেন।’
এ বিষয়ে দিনাজপুর ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, ‘সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় লোকজনের হাতে চারজন আটক আছেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আমাদের একটি প্রতিনিধিদল কাজ করছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেছেন। বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’






