বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে ২৮ জুন। এর মধ্যেই টাইব্রেকারের একটি নিয়ম বদলানোর উদ্যোগ নিয়েছে ফিফা। টুর্নামেন্ট চলাকালেই পরিবর্তনটি কার্যকর করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বর্তমান নিয়ম অনুযায়ী, টাইব্রেকারের আগে দুটি কয়েন টস হয়। প্রথম টসে নির্ধারিত হয়, কোন দল আগে শট নেবে। দ্বিতীয় টসে ঠিক হয়, মাঠের কোন প্রান্তে টাইব্রেকার হবে।
ফিফা এখন এই দুই টসের বদলে একটি টস রাখতে চায়। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, টসে জেতা দল দুটি বিকল্পের একটিই বেছে নিতে পারবে—হয় আগে শট নেবে, নয়তো নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ পাবে। অন্য সুবিধাটি পাবে টসে হারা দল।
বর্তমান নিয়মে একটি দল দুই টসই হারতে পারে। সে ক্ষেত্রে তারা আগে শট নেওয়ার সুযোগও পায় না, আবার নিজেদের সমর্থকদের সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়। গত মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এমন পরিস্থিতির মুখে পড়েছিল আর্সেনাল। পিএসজির বিপক্ষে দুই টসেই হেরে যায় ইংলিশ ক্লাবটি। পরে হেরে যায় টাইব্রেকারেও।
এ ধরনের পরিস্থিতি এড়াতেই পরিবর্তনের কথা ভাবছে ফিফা। দ্য টাইমস জানিয়েছে, এ নিয়ে ইতিমধ্যে ফুটবলের আইন প্রণয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে আলোচনা করেছে তারা।
টাইব্রেকারে আগে শট নেওয়ার সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে ফুটবলে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আগে শট নেওয়া দল তুলনামূলক বেশি সফল হয়। আবার নিজেদের সমর্থকদের উপস্থিতিও খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে পারে বলে মনে করা হয়।
ফিফার ধারণা, দুটি সুবিধাই যদি একটি দল পেয়ে যায়, তাহলে প্রতিপক্ষ তুলনামূলকভাবে পিছিয়ে পড়তে পারে। তাই এক টসে জেতা দলকে দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে দেওয়ার প্রস্তাব এসেছে।
অবশ্য টাইব্রেকারে আগে শট নেওয়া বা সমর্থকদের সামনে খেলা যে সব সময় সাফল্য এনে দেয়, এমনও নয়। ২০২২ বিশ্বকাপের ফাইনালই তার উদাহরণ। সেবার টাইব্রেকারের গোলপোস্ট বেছে নেওয়া আর আগে শট নেওয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু জিতেছিল আর্জেন্টিনা।
সবকিছু ঠিক থাকলে আগামী দু–একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।






